রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

হুথির হামলায় সৌদির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ন্যাশনাল গার্ডের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন বলে রোববার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানিয়েছেন।

তবে, ইয়েমেনে সৌদি সমর্থিত সরকার পুনরুদ্ধারে গঠিত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, একটি কারিগরি ত্রুটির কারণে ‘এএইচ-৬আই’ মডেলের গোয়েন্দা হেলিকপ্টারটি ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ছিল এবং এটি ইয়েমেন সীমান্তের কাছে নাজরান এলাকায় বিধ্বস্ত হয়।

আল-মালিকি জানান, এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ -এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, যার ফলে এর দুই কর্মকর্তা (ক্রু সদস্য) শহীদ হয়েছেন।”

তবে, সৌদির ওই হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, সৌদির নাজরান অঞ্চলের আকাশে অ্যাপাচি মিলিটারি হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। ওই সময় হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছিল।

শনিবার (১৭ অক্টোবর) রাতে হুথি পরিচালিত বার্তাসংস্থা সাবায় হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারির একটি বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতিতে ইয়াহিয়া বলেছেন, “সীমান্তের পাশে আমাদের অবস্থান লক্ষ্য করে শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল অ্যাপাচি হেলিকপ্টারটি। ওই সময় আমাদের যোদ্ধারা এটি ভূপাতিত করে।”

ইয়াহিয়ার এই দাবি নিয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি।

গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। নতুন সংঘাতের শুরু থেকে সৌদি হুথিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। এর জবাবে হুথিরা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ তেল অবকাঠামোতে পাল্টা হামলা চালায়।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ একাধিক প্রদেশ দখল করে। এরপরই দেশটিতে শুরু হয় শতাব্দির অন্যতম খারাপ গৃহযুদ্ধ। হুথিদের সানা থেকে হটিয়ে দিতে ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট।

এরপর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এরপর থেকে পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু চলতি বছরের জুলাইয়ে এ যুদ্ধবিরতি ভেস্তে যায়। নতুন সংঘাত শুরুর পর ইয়েমেন ও সৌদিতে শতশত মানুষের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025