বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :

চেয়ারম্যান হওয়ার দৌড়ে দ্বন্দ্ব, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনায় বিএনপির দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ইট-পাটকেল ও টেঁটা নিক্ষেপের আঘাতে এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার এবং একই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদপ্রার্থী হতে ইচ্ছুক হওয়ায় এই বিরোধ আরও তীব্র রূপ নেয়। এর জের ধরে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রবি সরকারের বাড়ির সামনে আব্দুল বারেকের অনুসারীরা পাঁচটি বাজি ফোটান। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সূত্র আরও জানায়, এর জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইট-পাটকেল ও টেঁটা নিক্ষেপের আঘাতে উভয় গ্রুপের অন্তত ২৫ জন আহত হন। পরে সহযোগীরা আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া বলেন, আহতদের মধ্যে ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত জামাল ও সালমা নামের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যুবদল নেতা রবিউল্লাহ রবি সরকার ও বিএনপি আব্দুল বারেককে একাধিকবার ফোন করেও সংঘর্ষের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ সংবাদ লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025