শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

১৮ কোটি মানুষ সিফাত হয়ে গর্জন করবে: জামায়াত আমির

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গ্যাস নেই, পানি নেই, ইলেকট্রিসিটি নেই কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে, কারেন্টের ভুতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না। অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কি বলেছিল তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো।

৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তাকে গ্রেফতার করা হলে দলীয় সন্ত্রাসীরা থানায় গিয়ে তাকে নাজেহাল করেছে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই। সিফাতের মুখের ভাষা নয়। কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে। ওরে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন।

জামায়াত আমির বলেন, যদি না ছাড়েন তাহলে মনে রাখবেন এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম উলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে কেউ বলতে পারবে না।

লংমার্চ উপলক্ষে প্রিয় ঢাকাবাসী আপনারা দোয়া করবেন আমরা আপনাদের এদেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মসূচি ওষুধের মতো কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে।

এরপর তিনি লংমাচের উদ্বোধন ঘোষণা করে বলেন, আপনারা দোয়া করবেন এখনই আমাদের লং মার্চ ইনশাল্লাহ শুরু হবে। আমরা চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করবো।

পরে সোয়া ৮টার পর মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025