শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর নতুনপাড়া জামে মসজিদে নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা এবং নতুন ওজুখানা নির্মাণের ঘোষণা দিয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান।
সম্প্রতি মসজিদটি পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় মসজিদের সার্বিক অবস্থা ও মুসল্লিদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন সংসদ সদস্য। মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গেও তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন।
পরিদর্শনকালে মাওলানা তাজউদ্দীন খান জানান, নারী মুসল্লিরা যাতে স্বাচ্ছন্দ্য ও উপযুক্ত পরিবেশে নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যে মসজিদে তাদের জন্য পৃথক ব্যবস্থা করা হবে। একই সঙ্গে মুসল্লিদের সুবিধার্থে একটি নতুন ওজুখানা নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমানসহ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সংসদ সদস্যের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে নারী মুসল্লিদের নামাজের ব্যবস্থা এবং নতুন ওজুখানা নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় এ উদ্যোগ বাস্তবায়িত হলে মসজিদে নারী-পুরুষ উভয় মুসল্লির জন্য ধর্মীয় কার্যক্রমে অংশ নেওয়া আরও সহজ হবে। একই সঙ্গে মসজিদের সার্বিক সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।
এলাকাবাসী ঘোষিত উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।