শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
এক্সপ্রেসওয়েতে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ নিখোঁজের ৬ দিন পর মিললো নারীর পুঁতে রাখা মরদেহ, সাবেক স্বামী গ্রেফতার ভেরিফিকেশনের নামে শিক্ষক নিয়োগে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক:সাদিক কায়েম জাতিসংঘে তারেক রহমান শান্তিকামী মানুষের মনের কথা বলেছেন: রিজভী প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম সিডনিতে ১১ অক্টোবর বর্ণাঢ্য উৎসব, প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলন যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের: পেজেশকিয়ান কঙ্গোর হ্রদে ভায়াবহ নৌকাডুবিতে নিহত ৪১ সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট টেকনাফে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবি, নারী-শিশু নিহত

সিডনিতে ১১ অক্টোবর বর্ণাঢ্য উৎসব, প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলন

সিডনিতে ১১ অক্টোবর বর্ণাঢ্য উৎসব, প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলন

সিডনি থেকে সংবাদাতাঃ 

সিডনির বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে আগামী ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য উৎসব। বাংলাদেশি সংস্কৃতি, পারিবারিক বিনোদন এবং বহুসাংস্কৃতিক সম্প্রীতিকে সামনে রেখে আয়োজিত এ উৎসবের প্রস্তুতি ও বিভিন্ন আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে সিডনির লাকেম্বায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়  অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল হাসান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রুবেল। সিডনির বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজকেরা উৎসবের উদ্দেশ্য, পরিকল্পনা এবং দর্শনার্থীদের জন্য রাখা বিভিন্ন আয়োজন তুলে ধরেন।

 

আয়োজকেরা জানান, অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও পরিচিত করে তোলার পাশাপাশি বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বাড়ানোই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। উৎসবটি শুধু বাংলাদেশি কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর দক্ষিণ এশীয় এবং অন্যান্য কমিউনিটির মানুষের অংশগ্রহণে একটি মিলনমেলায় রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও উৎসবের আবহ তুলে ধরতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের জন্য থাকছে বাড়তি আকর্ষণ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উৎসবের দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের জন্য বিভিন্ন রাইড সম্পূর্ণ বিনামূল্যে উপভোগের সুযোগ থাকবে। ফলে পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের জন্য দিনটি হয়ে উঠবে আনন্দ ও বিনোদনে ভরপুর।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আয়োজনের সাফল্য কামনা করেন সিসিএর সাবেক সভাপতি সৈয়দ আকরামউল্লাহ, সহসভাপতি সৈয়দ বাকের, কোষাধ্যক্ষ সাদিয়া হক তন্দ্রা, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমান, জনসংযোগ সম্পাদক আরিফ মইন এবং সদস্য ইরফান ফয়েজ ও সাকিনা আক্তার।

এ সময় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, আইনজীবী উপল আমীন এবং উৎসবের টাইটেল স্পন্সর ‘বিল্ড টু ডে’র পরিচালক শামস আলমসহ সিডনির বিভিন্ন পর্যায়ের কমিউনিটি ব্যক্তিত্ব।

আয়োজকদের প্রত্যাশা, সংগীত, সংস্কৃতি, পারিবারিক বিনোদন ও মানুষের মিলনমেলায় ১১ অক্টোবরের আয়োজনটি সিডনির বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রাণবন্ত উৎসবে পরিণত হবে।

সব বয়সী মানুষের অংশগ্রহণে উৎসবকে আরও রঙিন করে তুলতে আগামী ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনির বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025