বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিলেন শিক্ষার্থীরা

চট্টগ্রামে শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে গেছেন বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নগরীর ষোলশহরস্থ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের একদফা দাবিতে তারা বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা এক পর্যায়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে যান। এ সময় তারা ভুয়া ভুয়া বলেও স্লোগান দেন।

এর আগে, বেলা ১১টা থেকে নগরের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। পরে তারা শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের ১ ঘণ্টা আলোচনা হয়েছে। আমরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি। তারা এক দফা দাবি নিয়ে অনড়। পরে চলে যাওয়ার সময় বোর্ডের মূল ফটকটি খুলে নিয়ে গেছে।

শিক্ষার্থীরা বুধবার বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন বলেও জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025