বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া উপজেলায় মাটির তৈরি একটি বসতঘরের দেওয়াল ধসে মো. মানিক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হলদিয়াপালং ইউনিয়নের জামবাগান এলাকার বাসিন্দা মো. এখলাসের বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় আকস্মিকভাবে ঘরের একটি মাটির দেওয়াল ধসে পড়ে। এ সময় দেওয়ালের নিচে চাপা পড়েন মো. মানিক। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার জানান, মাটির দেওয়াল পড়লে মো. মানিক নামে এক ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়েছিল। তবে তিনি ঘটনাস্থলে মারা গেছেন।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে মো. মানিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।