সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চলন্ত কাভার্ড ভ্যানের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বিদ্যুতের খুঁটি ভেঙে এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়।
শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে সোনারগাঁয়ের নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ শামীম জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে (ঢাকা মেট্রো-উ-১১-৪২৮০) একটি কাভার্ড ভ্যানের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এ সময় কাভার্ড ভ্যানটি উল্টে যায়। এতে খুঁটিটি ভেঙে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের অজ্ঞাতনামা পুরুষ চালক (প্রায় ৫০) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ থানায় রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।