রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ইসলামাবাদে শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা। সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ তথ্য জানায়।

ইসলামাবাদের এ আলোচনা নিয়ে বিভিন্ন কারণে শঙ্কা তৈরি হচ্ছিল। তবে সবকিছু ছাপিয়ে দুই দেশ বৈঠকে বসেছে।

বার্তাসংস্থা রয়টার্সকে পাকিস্তানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে তৃদেশীয় আলোচনা হচ্ছে।

তবে ইরানি আর মার্কিনিরা সরাসরি কথা বলছে কি না সেটি এখনো স্পষ্ট নয়। যদি তারা সরাসরি কথা বলে থাকেন তাহলে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথমবারের মতো উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা হবে।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর তাদের মধ্যে আলোচনার চেষ্টা শুরু করে পাকিস্তান। যার ফল হিসেবে আজ বহুল প্রতীক্ষিত বৈঠকটি শুরু হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন তাদের মধ্যে যুদ্ধ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামলেও; এ যুদ্ধবিরতি প্রথম থেকেই বেশ ভঙ্গুর। ডোনাল্ড ট্রাম্প গতকাল হুমকি দিয়েছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানে আবারও হামলা শুরু হবে। এরজন্য জাহাজকে অস্ত্রেসজ্জিত করা হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025