শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

লেবাননে হামলা যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন: ইরানের প্রেসিডেন্ট

লেবাননে ইসরায়েলি বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ‘চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।লেবাননে হামলা অব্যাহত থাকলে যেকোনো শান্তি আলোচনা অর্থহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

মাসুদ পেজেশকিয়ান আজ বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, “লেবাননের ওপর ইসরায়েলি হামলা একটি ‘বিপজ্জনক ইঙ্গিত’, যা প্রমাণ করে- ইসরায়েল কোনো চুক্তির প্রতি দায়বদ্ধ নয়।” তিনি স্পষ্টভাবে জানান, তেহরান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যেকোনো পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতিও রয়েছে।

এ ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, “তেহরানের হাত এখনও ‘ট্রিগারের ওপরই’ রয়েছে।”

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাকের গালিবাফও এই ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য সুনির্দিষ্ট মূল্য দিতে হবে। সেই জবাব হবে অত্যন্ত কঠিন।’

তিনি আরও বলেন, ‘লেবানন এই যুদ্ধবিরতির একটি অবিচ্ছেদ্য অংশ। এখানে অস্বীকার বা পিছু হটার কোনো সুযোগ নেই।’ ইসরায়েলকে অবিলম্বে এই ‘আগুন নেভানোর’ আহ্বান জানান তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননে শতাধিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও অস্ত্র ভাণ্ডার।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানকে সমর্থন করে জানান, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চলবে। তারা যেখানেই সুযোগ পাবে সেখানেই আঘাত হানবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025