রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী মিয়ানমারের সাবেক জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সংসদে অনুষ্ঠিত ভোটে ৫৮৪ ভোটের মধ্যে প্রয়োজনীয় ২৯৩ ভোট পেয়ে তিনি এই পদে নির্বাচিত হন।

৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং পশ্চিমা অনেক দেশ তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অভ্যুত্থানের পরপরই দেশে গৃহযুদ্ধ শুরু হয়, যেখানে হাজারো মানুষ প্রাণ হারায় এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়।

চলমান এই সংঘাতে মিয়ানমারের শাসনব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং দেশের উল্লেখযোগ্য অংশ এখনো সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

এর মধ্যেই গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে কয়েক ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বড় বিরোধী দলগুলোকে এতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। ওই নির্বাচনে সেনাবাহিনী-সমর্থিত একটি দল ভূমিধস জয় লাভ করে। নির্বাচনের ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।

নতুন পার্লামেন্টে প্রায় ৯০ শতাংশ সদস্য মিন অং হ্লাইংয়ের অনুগত বলে জানা গেছে। এর মধ্যে ২৫ শতাংশ আসন সরাসরি সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত ছিল, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। বাকি সদস্যরা সেনাবাহিনী সমর্থিত দলের হয়ে নির্বাচিত হয়ে সংসদে আসেন।

পার্লামেন্ট অধিবেশন শুরুর পরই প্রেসিডেন্ট পদে মিন অং হ্লাইংয়ের নাম প্রস্তাব করা হয়। পাশাপাশি আরও দুইজন প্রার্থীর নামও ওঠে। তবে শুক্রবার সরাসরি ভোট গণনায় তিনি সহজেই প্রয়োজনীয় ভোট পেয়ে জয় নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025