মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশে তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধ মন্ত্রী

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী বারবারই বলেছেন বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। না অকটেনের, না ডিজেলের, না পেট্রলের, না ভোজ্যতেলের সংকট রয়েছে। এখানে বিভিন্ন সময়েই কিছু অসাধু ব্যবসায়ী তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে লাভবান হওয়ার চেষ্টা করেন।’

সোমবার (২৩ মার্চ) দুপুরে সখীপুর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ইনশা আল্লাহ আমাদের সরকারের আমলে এই ধরনের অসাধু ব্যবসায়ীদের আমরা প্রশ্রয় দেব না। যাদের গাড়ি আছে, যাদের পেট্রোল, ডিজেল, অকটেন বা ভোজ্যতেলের দরকার তাদের শঙ্কিত হওয়ার কারণ নেই।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আযম খান আরও বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার বিষয়ে আমাদের সরকার আগে থেকেই সিরিয়াস। আমরা সরকারে যাওয়ার আগেই এ ব্যাপারে কথা বলেছি। ভারতে গ্রেপ্তার হওয়া ওসমান হাদির আসামিদের বিষয়ে সরকার যথাযথ উদ্যোগ নেবে। সব হত্যাকাণ্ডের যাতে সঠিক বিচার হয়, আমাদের সরকার সে ব্যবস্থা করবে।’

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025