মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার পরিকল্পনা পাঁচদিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। তার দাবি, ইরানের সঙ্গে গত দুইদিন বেশ ভালো আলোচনা হয়েছে।
এর আগে, গত শনিবার ট্রাম্প হুমকি দেন, ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়তো তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
তার হুমকির জেরে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটি জানায়, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলো লক্ষ্য করে হামলা চালাবে।
ট্রাম্পের সেই ৪৮ ঘণ্টার আল্টিমেটামের প্রায় শেষের দিকে এসে হামলার পরিকল্পনা স্থগিতের কথা বলছেন তিনি।
এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সোমবার (২৩ মার্চ) লিখেছেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা বা শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।”
“আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যেন আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না করা হয়। তবে এই বিষয়টি আমাদের চলমান বৈঠকের সফলতার ওপর নির্ভর করবে।”