বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

হরমুজ প্রণালি বন্ধই থাকবে: প্রথম ভাষণে মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং বলেন, ইরানের শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালি বন্ধ রাখা অব্যাহত থাকবে।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দেওয়া এই ভাষণে মোজতবা খামেনি বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করা শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে।

তিনি জোর দিয়ে বলেন, দেশের শত্রুদের ওপর চাপ বাড়াতে হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করে দিতে হবে। অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

নতুন সর্বোচ্চ নেতা আরও জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিশ্বাস করে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালানো অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট করেন।

প্রসঙ্গত, প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে গত রোববার ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। দেশটির ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে থাকে।

সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানে নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার মেয়ে, নাতি ও জামাইসহ আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারান। এরপর থেকেই মোজতবা খামেনিকে সম্ভাব্য সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হচ্ছিল।

মোজতবা খামেনি কখনও কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল বলে মনে করা হয়। ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। তার বাবা বয়সের ভারে দুর্বল হয়ে পড়ার পর থেকেই অনেকেই তাকে ভবিষ্যৎ সুপ্রিম লিডার হিসেবে দেখছিলেন।

বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এ বিষয়ে প্রকাশ্যে কখনও মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025