বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাসনিমের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টের বরাত ছাড়া কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। গতকাল সোমবার এক্সে স্কট রিটার দাবি করেছিলেন, “ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর। তিনি আহত হয়েছেন।”

তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি এসেছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেছেন কি না বা এটি ভুয়া কি না—এখনও নিশ্চিত নয়।

ফার্সি ভাষার তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার কোনো নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং প্রতিবেদনটিতে একাধিক পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে—যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এমন প্রতিবেদন, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি সফর স্থগিত হওয়া, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, তাসনিম নিউজ ইরানের একটি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম। এর মূল কারণ হলো, এই অনলাইন পোর্টালটি ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পর্কিত।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড অনুযায়ী, নেতানিয়াহুর নামে সর্বশেষ প্রকাশিত বিবৃতি ৭ মার্চে দেওয়া হয়েছিল, যখন তিনি ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন।

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর নতুন কিছু নয়। এর আগে ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে পরে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া-সহ একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে, এটি নিছক গুজব।

সূত্র: জেরুজালেম পোস্ট

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025