মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :

নারায়ণগঞ্জে জামায়াত কর্মীর বাড়িতে হামলা-বোমা বিস্ফোরণ, আহত ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত কর্মীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ৬ জনকে কুপিয়ে জখম করারও অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উচিতপুরা ইউনিয়নের বড়াইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আহতরা হলেন, জামায়াত কর্মী মো. কবির হোসেন, মো. তাজুল ইসলাম, মো. নাজমুল ইসলাম, মুসা মিয়া, সানাউল্লাহ ও মো. ফারুক হোসেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট আজিজুল হক বলেন, সকালে উচিতপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন জামায়াত কর্মী কবির হোসেনের বাড়িতে যান। তিনি কবিরকে জামায়াত ত্যাগ করে বিএনপিতে যোগ দিতে এবং ‘দাঁড়িপাল্লা’র পরিবর্তে ‘ধানের শীষ’-এর পক্ষে কাজ করার প্রস্তাব দেন।

তিনি বলেন, কবির হোসেন এই প্রস্তাবে রাজি না হওয়ায় দুপুরে আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে।

এদিকে এ ঘটনার পর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। সেই সঙ্গে হামলার বিষয়টি থানা পুলিশ, সেনাবাহিনী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা।

তবে এ বিষয়ে কথা বলার জন্য আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, আমি এখন গণসংযোগে আছি। এ বিষয়ে আমি এখনো অবগত নয়। খোঁজ নিয়ে পরে এ বিষয়ে বলতে পারবো।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এখনও কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুর রহমান বলেন, মৌখিকভাবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও বিজিবির একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে টলারেট করা হবে না। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025