মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :

রাজার ছেলে রাজা হবে- এই রাজনীতি আমরা চাই না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না? ব্যাংক ডাকাতদের কারণেই কক্সবাজার পিছিয়ে পড়েছে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।’

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘রাজার ছেলে রাজা হবে— এই রাজনীতি আমরা চাই না। মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে। আমরা একটি ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।’

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হলো জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। এই নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো নয়। ডাকসু থেকে জাকসু পর্যন্ত তরুণ সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে— তারা আর বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই।’

১১ দলীয় জোটের শীর্ষ এই নেতা বলেন, ‘বগলে ঋণখেলাপি রেখে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা হবেন জনগণের সেবক। শহীদ আবু সাঈদ ও শহীদ ওসমান হাদীর খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে কেউ অনুতপ্ত হয়ে মূলধারায় ফিরতে চাইলে তাকে সুযোগ দেওয়া হবে।’ সমাবেশে তিনি কক্সবাজারের তিনটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

কক্সবাজার–৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের সূচনা হবে উখিয়া–টেকনাফ থেকে।

কক্সবাজার সদর আসনের প্রার্থী শহীদুল আলম বাহাদুর বলেন, গত ৫৪ বছর ধরে দেশ লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসের শিকার হয়েছে। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশ লুটপাট ও দুর্নীতিমুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, শিক্ষা ও চিকিৎসা খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনসভায় আরও বক্তব্য রাখেন— জাগপা নেতা রাশেদ প্রধান, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে ১২টার দিকে মহেশখালীতে হেলিকপ্টার যোগে অবতরণের পর পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির।

দলীয় প্রার্থী এ.এইচ.এম হামিদুর রহমান আযাদকে পরিচয় করিয়ে দিয়ে তিনি ভোট চাওয়ার পাশাপাশি বলেন, ‘মহেশখালীকে একটি স্মার্ট জোন করার জন্য যা করা প্রয়োজন এখানে তাই করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন, কিন্তু এরকম পিছিয়ে পড়া আমার নজরে খুব কম এসেছে। আমাদের হামিদুর রহমান আযাদের পাশে থাকুন আমরা আপনাদের আস্থার প্রতিদান দেবো ইনশাআল্লাহ।’

জনসভাগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় লক্ষ্য করা গেছে।

বিকেলে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আয়োজিত আরেকটি জনসভায় ডা. শফিকুর রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025