Editor Panel
- ২৪ ডিসেম্বর, ২০২৫ / ৫৩ Time View
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান উন্নয়ন ও টেকসই সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই বিশেষ দলের প্রতি টান থাকতে পারে, কিন্তু দায়িত্ব গ্রহণের সময় অবশ্যই নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততা বজায় রাখতে হবে। দেশকে উন্নত করতে হলে দলবাজি ও গ্রুপিংয়ের মানসিকতা পরিহার করতে হবে।
বুধবার বিকেলে রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-র অডিটোরিয়ামে প্রজেক্ট ম্যানেজার ও এক্সিকিউটিভদের জন্য আয়োজিত বিশেষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রশিক্ষণটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।ড. খালিদ বলেন, স্মরণাতীত কাল থেকে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বিরাজমান। তবে সমাজের কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য অশান্তি সৃষ্টি করতে চায়। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করেছে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করছে।
তিনি সবাইকে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একতা সুসংহত করার আহ্বান জানান।তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারী-শিশুদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় আনা হচ্ছে। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পাশাপাশি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে। প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে এনএপিডি মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন এনএপিডি অতিরিক্ত মহাপরিচালক সায়মা আফরোজ এবং উপপরিচালক ও কোর্স পরিচালক আবেদা সুলতানা।
পাঁচদিনব্যাপী প্রশিক্ষণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আর্থসামাজিক অবকাঠামো বিভাগ, আইএমইডি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকসহ মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, জিওবির অর্থায়নে ৩৬৫ কোটি টাকা ব্যয়ে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় দেশের ৭৪০০টি মন্দিরে প্রাক-প্রাথমিক, বয়স্ক ও শিশু শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে।