বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আজ সিঙ্গাপুর নেওয়া হবে। তাকে নিতে ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর ১টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করার কথা রয়েছে।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি জানান, সব প্রক্রিয়া শেষ করে নির্ধারিত সময়ই হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে।

এর আগে গতকাল রোববার হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই সিদ্ধান্ত হয়।

গত দুদিন ধরে হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। গতকাল এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে অবহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025