বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :

সোমবার রায়, সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ভাগ্নি টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়।

সোমবার (১ ডিসেম্বর) দুর্নীতির এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ১০ বছরের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মামলায় ৪৩ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি তার মা শেখ রেহানা (৭০), ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি (৪৫) ও বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে (৩৫) শেখ হাসিনার মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন।

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মামলায় টিউলিপের দোষী সাব্যস্ত হওয়ার ‘জোরালো সম্ভাবনা রয়েছে। কেননা, তার খালা ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা গত বৃহস্পতিবার একই মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ নিয়ে খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

এরপর সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন তিনি।সংবাদমাধ্যমটি রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে যদি টিউলিপ দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত হন তাহলে ব্রিটিশ এমপির পদ ছাড়ার চাপে পড়বেন তিনি।

রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির অভিযোগ সামনে আসার পরও চলতি বছরের জানুয়ারিতেও একই রকম চাপে পড়েছিলেন তিনি। কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে সেবার বেঁচে যান।

টিউলিপ যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি।রূপপুরের দুর্নীতির অভিযোগের মধ্যেই সামনে আসে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করেছেন টিউলিপ। তিনি বলেছিলেন, বাবা-মায়ের থেকে ফ্ল্যাটটি পেয়েছেন। কিন্তু আসলে আওয়ামীপন্থী এক নেতার কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন তিনি। ঘুষ হিসেবে তিনি এটি নিয়েছেন বলে অভিযোগ ওঠে।

যদিও এরপর ব্রিটিশ সরকারের এক অভ্যন্তরীণ তদন্ত জানায়, টিউলিপ ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করে মন্ত্রিত্বের কোনও ধারা লঙ্ঘন করেননি।

এদিকে বাংলাদেশে টিউলিপের মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা বলেছেন, এ মামলা স্বচ্ছ হচ্ছে না। এ ব্যাপারে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনারের কাছে একটি চিঠিও লিখেছেন তারা।

তবে টিউলিপ মামলা ও আইনজীবীদের চিঠির ব্যাপারে কোনও মন্তব্য করেননি। সূত্র: ডেইলি মেইল

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025