বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

২৮ অক্টোবর নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি শিবির সভাপতির

আওয়ামী লীগের হামলায় ২০০৬ সালে ২৮ অক্টোবর নিহত ১৮ জনকে শহীদ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

২৮ অক্টোবর ‘পল্টন ট্র্যাজেডি’ দিবস উপলক্ষে মঙ্গলবার আয়োজিত চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম এ দাবি জানান। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে ছাত্রশিবিরের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

শিবির সভাপতি বলেন, ‘আমাদের শাহাদতের পথ মাড়িয়ে আজকে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। দেশ হত্যা, গুম, খুনমুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আশা করবো ভবিষ্যতে কেউ হাসিনার মতো হয়ে উঠার চেষ্টা করবে না। খুনি হাসিনার মতো মানসিকতা কেউ আর পোষণ করবে না। যদি করে থাকে, তাহলে হাসিনার চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। যদি হাসিনার মতো মানসিকতা লালন করে বাংলাদেশ পরিচালনার চেষ্টা করে, তাহলে সেটা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। আমরা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ব্যতিত কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না।’

জাহিদুল ইসলাম আশা প্রকাশ করেন, বর্তমান প্রজন্ম যেমন বাংলাদেশ এবং রাজনীতি দেখতে চায়, তার সঙ্গে বোঝাপড়া করেই রাজনীতিবিদরা রাজনীতি করবেন।

এসময় শিবির সভাপতি দুটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো- ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মামলা আবার চালু করে খুনিদের যথাযথ বিচার করতে হবে এবং নিহত শিবিরের ছয়জনসহ সারাদেশের মোট ১৮ জনের জন্য রাষ্ট্র থেকে ক্ষতিপূরণ ও তাদের শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, ২৮ অক্টোবর খুনি হাসিনা হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। লগি-বৈঠা নিয়ে মানুষ হত্যা করে নৃত্য করার মতো নৃশংসতা করেছে। কালচারাল ফ্যাসিবাদের মাধ্যমে এসবের বৈধতা তৈরি করেছিল।

গত ১৬ বছরে গুম হওয়া শিবিরের নেতাকর্মীদের ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়ে ডাকসু ভিপি বলেন, হাজারো নেতাকে হত্যা, নির্যাতন ও গুম করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ- গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়া হোক।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025