শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে: জামায়াত নেতা মাসুম

জুলাই জাতীয় সনদ বিষয়ে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম। শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর জামায়তের রামপুরা থানা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, বিগত ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ পাঁচ দফা দাবিতে রামপুরা একরামুন্নেসা উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশটি হয়।

জামায়াত নেতা মাসুম বলেন, ‘জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রধান উপদেষ্টাকে এর জন্য একটি আদেশ জারি করতে হবে। সাধারণত বাংলাদেশের আইনে রাষ্ট্রপতি আদেশ জারি করেন। তবে আইনের যদি কোনো সুযোগ থাকে, তাহলে আমরা বলতে চাই, প্রধান উপদেষ্টাকেই সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে।’

গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘আমরা বলেছি নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। একটা বড় দল একসঙ্গে গণভোট এবং নির্বাচন করতে চায়। তারা মনে হয় যেন অতীত ভুলে গেছে। বাংলাদেশে সকাল ৮টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন চলে। তাহলে একটা কাজে যদি এত সময় যায়, গণভোটও যদি একই দিনে করে, তাহলে কি একদিনে নির্বাচন হবে? এখানে একটা গোলযোগ তৈরি হবে। প্রার্থীরা তাদের পাস করা নিয়ে থাকবেন, গণভোট নিয়ে তাদের কোনো চিন্তা থাকবে না। ফলে গণভোটে এ দেশের জনগণের যে চাওয়া-পাওয়া, সেটা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

জামায়াত নেতা মাসুম আরও বলেন, ‘আমরা যদি ক্ষমতায় যাই, নারীর অধিকার নিশ্চিত করব। বর্তমান সভ্যতা নারীদের পুরুষ বানিয়ে স্বাধীনতা দিয়েছে। ইসলাম নারীদের নারী রেখে যে স্বাধীনতা দিয়েছে, ওটাই সম্মানজনক। আমরা সেই বিষয়টি সামনে বিবেচনায় রাখবো। নারীদের মায়ের জাতি হিসেবে, বোনের জাতি হিসেবে, স্ত্রীর জাতি হিসেবে আমরা মর্যাদার সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করব। তাদের জন্য সবকিছুই শালীনতা বজায় রেখে আমরা সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে অমুসলিমদের পূর্ণ অধিকার নিশ্চিত হবে।’

এছাড়া জামায়াত ক্ষমতায় গেলে আইন সংস্কার করার প্রতিশ্রুতিও দেন এ নেতা। তিনি বলেন, ‘এখনো ব্রিটিশ আমলের পুরোনো আইনের ভিত্তিতে চলছে বাংলাদেশে। রাষ্ট্র, সংবিধান, বিভিন্ন আইন-কানুনকে একটি স্বাধীন দেশের উপযোগী করে আমরা রচনা করবো এবং সেভাবে আমরা ভূমিকা পালন করবো।’

জামায়াতের রামপুরা থানা উত্তরের আমির ফজলে আহমেদ ফজলু সমাবেশে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহকারী সেক্রেটারি মো. নাজিম উদ্দিন মোল্লা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025