সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ নিয়ে আশঙ্কা করার কোনো কারণ নেই।’

রোববার (৩১ আগস্ট) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আমরাও তা বিশ্বাস করি।’

বৈঠকে নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ ও প্রত্যাশার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের আশঙ্কা নির্বাচনকে বিলম্বিত করার লক্ষ্যে একটি চক্রান্ত কাজ করছে। তবে আশঙ্কা করার কারণ নেই। নির্বাচন কমিশন যে সিডিউল ঘোষণা করেছে, সেই সময়ই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা আমাদের সে কথাই বলেছেন।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশের সবচেয়ে বড় দলের সঙ্গে কথা বলবেন এটি তার এখতিয়ারে রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং গোটা দেশবাসী আশ্বস্ত হয়েছে।’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রিসেন্টলি যে ঘটনা ঘটেছে, আমাদের রাজনৈতিক নেতা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যে আক্রমণ হয়েছে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদের মতামত নিয়েছেন।’

‘আমরা পরিষ্কার ভাষায় বলেছি, আমরা মনে করি যে, এটি একটি অত্যন্ত গর্হিত কাজ। এটি অত্যন্ত উদ্বেগজনক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা মনে করি, এটি ভালোভাবে তদন্ত হওয়া দরকার’- এ প্রসঙ্গে যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025