সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

নুরের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জামায়াতের

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৯ আগস্ট) রাতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতি জামায়াতের সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য লাঠিচার্জ করে গুরুতরভাবে আহত করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য লাঠিচার্জ করে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি, অন্যতম জুলাইযোদ্ধা নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। আমরা এ মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর এ হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা সকল মহলের পক্ষ থেকে সহনশীল পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের হামলা আবার ফ্যাসিবাদের কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025