শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম মতের ভিন্নতা নেই। তাদের মধ্যে কোনো বিরোধ নেই। ফ্যাসিবাদ মোকাবিলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম বিভেদ নেই।

মঙ্গলবার (২২জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের (বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন) নেতাদের বৈঠক শেষে যমুনার বাইরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের মধ্যে (রাজনৈতিক দলের নেতাদের মধ্যে) কেউ কেউ বলেছে রাজনীতির মাঠে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি। কিন্তু তার মানে এটা না, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী, রাজনীতির মাঠে এ ধরনের কিছু কিছু কথা বলা হবে। এটা থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে। এ ধরনের ধারণা আমাদের করা উচিত না। রাজনৈতিক দলগুলো আমাদের আশ্বস্ত করেছে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয় হাইলাইট করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে সরকারকে আরও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে সুষ্ঠুভাবে আমাদের অগ্রসর হওয়া উচিত।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে বলেন, আপনাদের মধ্যে ঐক্য আছে- এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, আপনারা ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, যদি একসঙ্গে থাকেন আর মানুষ যদি তা দেখে তাহলে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে। মানুষ দেখে খুশি হবে।

এ সময় রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টাকে জানান, ওনাদের মধ্যে ঐক্য আছে এটার প্রমাণ হচ্ছে ওনারা মাঠে যাই বলুক না কেন, যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখন ওনারা এসে হাজির হন।

দলগুলো ড. ইউনূসকে আরও জানান, তাদের মধ্যে যে ঐক্য আছে তার আরেকটি প্রমাণ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা নিয়মিত যাচ্ছেন, কথা বলছেন।

রাজনৈতিক দলের নেতারা আশ্বস্ত করে জানিয়েছেন, তাদের ঐক্য ও একতা নিয়ে সরকারের মধ্যে কোনো রকম হতাশা, প্রশ্ন বা কোনো রকম টেনশন থাকার দরকার নেই।

আসিফ নজরুল জানান, তারা (রাজনৈতিক দলগুলো) আইডেন্টিফাই করেছেন দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ফ্যাসিস্টের সহযোগী যারা রয়েছে, তারা মাঝে মাঝে মাথাচড়া দেওয়ার চেষ্টা করছে। সরকার যেন প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

রাজনৈতিক দলের নেতারা আরও বলেছেন, ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলে সবাই আলোচনায় অংশ নেবেন, মতামত প্রকাশ করবেন, একসঙ্গে সিদ্ধান্ত নেবেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025