বুধবার, ০১ Jul ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৩৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে চট্টগ্রাম বিভাগে ২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ৮ এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ২ জন করে মোট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৮ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে। এই দুই বিভাগে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪ জন করে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করে ৬ জন ছাড়াও বরিশাল, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025