শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি ফের বন্ধ করে দিলো ইরান

লেবাননে ইসরায়েলি বিমানবাহিনীর ভয়াবহ হামলাকে কেন্দ্র করে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের দ্বিপক্ষীয় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নিলো ইরান।

বুধবার (৮ এপ্রিল) লেবাননে ইসরায়েলি বিমানবাহিনীর হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয় দেশটি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফারস নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বুধবার সকালে ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন। এর কিছুক্ষণ পরেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও পাল্টা যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সব সামরিক ইউনিটকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

এই ঘোষণার ফলে সকালে হরমুজ প্রণালি দিয়ে পরীক্ষামূলকভাবে দুটি তেলবাহী ট্যাংকারকে পার হওয়ার অনুমতি দেওয়া হলেও লেবাননে হামলা শুরু হওয়া মাত্রই ইরান বাকি সব জাহাজের চলাচল স্থগিত করে দেয়।

মূলত যুদ্ধবিরতির আওতা নিয়ে তৈরি হওয়া চরম অস্পষ্টতাকেএই সংকটের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে । এই শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের এই চুক্তিতে লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াইও বন্ধ থাকার কথা ছিল।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এই দাবি প্রত্যাখ্যান করে আজ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ‘যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড়’ সমন্বিত বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের সাফ কথা তাদের এই যুদ্ধবিরতি কেবল ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য। এই হামলার পর ইরান ক্ষুব্ধ হয়ে পুনরায় নৌপথটি অবরুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025