শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

শেরপুর-৩ আসনে নির্বাচনে ভোটগ্রহনে কারচুপি, এজেন্টদের বের করে দেয়া এবং মারধরের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে শ্রীবর্দী উপজেলা সদরের উত্তর বাজারে উপজেলা জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান অভিযোগ করেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। একাধিক কেন্দ্রে তিনি নিজে উপস্থিত থেকে জাল ভোটদাতাদের হাতেনাতে আটক করে প্রিসাইডিং কর্মকর্তার কাছে সোপর্দ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ঝগড়াচর কেন্দ্রে তার উপস্থিতিতে একজনকে আটক করে পুলিশের কাছে দেয়া হলেও পরবর্তীতে আবারও জাল ভোটের ঘটনা ঘটে।

এছাড়া পুরাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এক এজেন্ট মোসাম্মদ রুজিনা বেগম নিজ হাতে ব্যালটে সিল মারছিলেন বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদকে জানানো হলেও তিনি নীরব ছিলেন বলে দাবি করেন মাসুদুর রহমান।

তিনি আরও অভিযোগ করেন, ত্রিপদী সদর ইউনিয়নের উত্তর ত্রিবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং কাকিলাকড়া ইউনিয়নের ঘরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের এজেন্টদের গালিগালাজ করে বের করে দেয়া হয়েছে। ঝিনাইগাতী উপজেলার কাংসা ইউনিয়নের আয়নাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা জাল ভোট দিতে থাকলে বাধা দেয়ায় জামায়াতের এজেন্টদের ওপর হামলা চালানো হয় এবং তাজুল ইসলাম নামে এক এজেন্ট গুরুতর আহত হন।

সবশেষে জামায়াতের এই প্রার্থী বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এটি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, জনগণ দেখেছে। তাই আমি এই নির্বাচন বয়কট ও বর্জনের ঘোষণা দিচ্ছি।

সংবাদ সম্মেলনে জেলা জামায়তের আমির হাফিজুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025