শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের এক ড্রাইভারসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী অছিম পরিবহন এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাস নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার পর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত একটি বাস সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস দুটো পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে।
এ দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, অপর বাসটির চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল, মো. শরিফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হয়নি। আহত ১৫ থেকে ২০ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আশঙ্কাজনক দুইজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।