বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিতে চালক-হেলপারসহ অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার ১৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
বাসটি বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে মাত্র ছয়জন যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এরপর বিকেলে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায় বাসটি।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সৌহার্দ্য পরিবহনের কুমারখালী বাস কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ।
তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে ছয়জন যাত্রী নিয়ে বাসটি ছেড়ে যায়। এরপর খোকসা থেকে সাতজন, মাছপাড়ার চারজন ও পাংশা থেকে ১৫ জন যাত্রী ওঠেন। ৪০ সিটের বাসটিতে চালক-হেলপারসহ মোট ৫০ জন।
তন্ময় আহমেদ আরও বলেন, ব্রেক ফেল করে বাসটি নদীতে পড়ে গেছে। যাত্রীদের কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।