বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
আসছে পবিত্র ঈদুল ফিতর, যা চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে। ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনাতে আসবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চ পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’
ঈদের শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
দীর্ঘ দেড় যুগ পর দেশে প্রথমবারের মতো ঈদ উদ্যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদ্যাপন করেছেন।
গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারকে নিয়ে দেশে ফেরেন এবং ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।