রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই, নিশ্চিত করলো ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এবং আধা-রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন। একইসঙ্গে হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’।

তাসনিম নিউজে এজেন্সি জানায়, ‘ইরানের জনগণকে জানানো হচ্ছে যে, শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে আমেরিকা ও জায়নিস্ট শাসনের যৌথ হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন।’

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মারা গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করেছিল তেহরান। তবে এর কয়েক ঘণ্টা পর দেশটির সরকারি সংবাদমাধ্যম সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। স্থানীয় সময় শনিবার ভোরেই খামেনিকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025