রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ইসরায়েলের হামলার পর আকাশসীমা বন্ধ করল ইরান-ইরাক

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান এবং ইরাক তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবারের হামলার পর দেশটির আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। একই সময়ে ইরাকের বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, ইরাকি পরিবহন মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। খবর দিয়েছে এএফপি।

এর আগে ইরানে হামলা চালানোর পর ইসরায়েলও নিরাপত্তাজনিত কারণে বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালককে আকাশসীমা বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরানের সংবাদমাধ্যম ফার্স জানায়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টও শনিবারের হামলার তথ্য নিশ্চিত করেছে। হামলার সময় দেশজুড়ে নাগরিকদের সতর্ক করে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। আইডিএফ জানিয়েছে, এটি প্রাকৃতিক সতর্কতা, যাতে জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আঘাত থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে।

এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025