মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে যাত্রা করে টিএসসি হয়ে শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ ছাত্রজনতা অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত করে তোলে।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “আমার হত্যার বিচার চাই”, “বইলা গেছে হাদি ভাই”, “ভারত না বাংলাদেশ? বাংলাদেশ বাংলাদেশ”, “আমরা সবাই হাদি হবো”, “যুগে যুগে লড়ে যাবো”সহ নানা স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকার যদি তরুণ প্রজন্মকে অবহেলা করে, তাহলে কখনোই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, তরুণদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং তারা ঘরে ফিরে যাবে না।

তিনি আরও বলেন, কেউ কেউ ভেবেছিল শহীদ ওসমান হাদিকে হত্যা করে স্বাধীনতার প্রশ্ন, সীমান্ত সুরক্ষা কিংবা চলমান আন্দোলন দমন করা যাবে। কিন্তু বাস্তবতা হলো, তরুণ প্রজন্ম এখন আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ ও সচেতন।

হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025