বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
বর্তমানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এদিন ওই কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ের ওপর বক্তব্য দেন জাহিদুল ইসলাম।
তিনি বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সব কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। ফলে তাদেরও আমরা ফ্যাসিবাদ বলতে বাধ্য হবো। আর ফ্যাসিবাদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।
শিবির সভাপতি বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে তার সততার জায়গা, আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি। যদি করতো তাহলে ছাত্রশিবিরের এতদূর আসা সম্ভব হতো না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির এতদূর আসতে পেরেছে।
তিনি বলেন, আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদের যেটা বলে তোমাদের বাব-মাও তোমাদের সেটা বলে।
সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রফেসর পান্নালাল রায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সাবেক সম্পাদক মো. শফিউল্লাহ, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ জহিরুল হক, ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মো. এমরান খানসহ অন্যান্য নেতারা।