রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে দাওয়াত পৌঁছে দেন ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।

গত বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এভারকেয়ার হাসপাতালে আসেন ঐকমত্য কমিশনের সদস্যরা।

খালেদা জিয়া হাসপাতালের বিছানায় শুয়ে দাওয়াতপত্র পড়ে দেখেন। 

এ সময় বদিউল আলম মজুমদার, মনির হায়দার ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় অনুষ্ঠেয় এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025